বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আয়োজিত টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে রিদম রয়েল ক্লাবকে ৩ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে সুপার স্টার স্পোটিং ক্লাব সুয়ালক। শনিবার বিকেলে বান্দরবান স্টেডিয়ামে অনুষ্ঠিত টানটান উত্তেজনার এই ম্যাচে রিদম রয়েল ক্লাব প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। তারা ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে। জবাবে, সুপার স্টার স্পোটিং ক্লাব ১৮.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩০ রান তুলে জয় নিশ্চিত করে। রিদম রয়েল ক্লাবের পক্ষে সোয়াইব ৩৬, কুতুব ৩২ এবং বেলাল ২১ রান করেন। সুপার স্টার স্পোটিং ক্লাবের রাফি ৬৬ এবং ডা. তারেক ২৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।
খেলা শেষে বান্দরবান জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস-এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাচিং প্রু জেরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা মানুষকে বিভিন্ন সামাজিক আসক্তি ও মন্দ অভ্যাস থেকে মুক্তি দেয়। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পরিধি বাড়াতে হবে যাতে আমাদের শিশুরা জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পায়। তিনি আরও জানান, প্রশাসনকে সঙ্গে নিয়ে ভবিষ্যতে ছেলেমেয়েদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে বান্দরবান থেকে হাজারো উদীয়মান খেলোয়াড় উঠে আসে।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার আবদুর রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক ড. সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর, জেলা পরিষদ সদস্য নাছিরুল আলম, মংএচিং চাক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বান্দরবান জেলা ক্রিকেট আম্পায়ার্স ও স্কোরার এসোসিয়েশন সভাপতি মো: মুজিবুর রশিদ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
রিপোর্টারের নাম 























