লক্ষ্মীপুর জেলায় হাম প্রতিরোধে ২ লাখ ৭০ হাজার ৮৩০ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ১১ কার্যদিবসের মধ্যে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।
শনিবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত জরুরি এমআর ভ্যাকসিনেশন ক্যাম্পেইন বিষয়ক এক মতবিনিময় সভায় এসব তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. আবু হাসান শাহীন। তিনি জানান, ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের এই টিকা দেওয়া হবে।
লক্ষ্মীপুর সদর উপজেলায় ৯৭ হাজার ৪০৪ জন, রায়পুরে ৩৮ হাজার ৬৫২ জন, রামগঞ্জে ৪৪ হাজার ৯৯৭ জন, কমলনগরে ৩৫ হাজার ৫০০ জন, রামগতিতে ৩৬ হাজার ৯৭৪ জন এবং লক্ষ্মীপুর পৌরসভায় ১৭ হাজার ৩২৩ জন শিশু এই টিকার আওতায় আসবে। এই কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ১ হাজার ৫৮৪টি কেন্দ্রে ১৮৩ জন সুপারভাইজার, ২০০ জন টিকাকর্মী এবং ৪০০ জন স্বেচ্ছাসেবীর সমন্বয়ে একটি দল কাজ করবে।
মতবিনিময় সভায় লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 






















