বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শান মাসুদের নেতৃত্বে এই সফরে পাকিস্তান দলে জায়গা করে নিয়েছেন চারজন নতুন ক্রিকেটার। তারা হলেন— আব্দুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস এবং মোহাম্মদ গাজি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা সবশেষ হোম সিরিজের স্কোয়াড থেকে ১১ জন ক্রিকেটারকে এই সফরেও রাখা হয়েছে। তবে পারফরম্যান্স ও কৌশলগত কারণে দল থেকে বাদ পড়েছেন আবরার আহমেদ, আসিফ আফ্রিদি, ফয়সাল আকরাম, কামরান গোলাম, আমির জামাল, রোহাইল নাজির এবং আব্দুল্লাহ শফিক। পাকিস্তানের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ।
সিরিজের প্রস্তুতি নিতে আগামী ২৭ এপ্রিল করাচিতে পাকিস্তান দলের বিশেষ ক্যাম্প শুরু হবে, যা চলবে ১ মে পর্যন্ত। এরপর ৩ মে ঢাকায় পা রাখবে শান মাসুদের দল। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (২০২৫-২০২৭) অংশ হিসেবে এই সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে আগামী ৮ মে মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি ১৬ মে থেকে অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
রিপোর্টারের নাম 

























