বাংলাদেশ ফুটবল দলের শক্তি বাড়াতে এবার যুক্ত হচ্ছেন আরও এক প্রবাসী তারকা। যুক্তরাষ্ট্র প্রবাসী ২১ বছর বয়সী সেন্টার ফরোয়ার্ড ট্রেভর ইসলামকে জাতীয় দলে ভেড়ানোর প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বর্তমানে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ট্রেভর এনসিএএ ডিভিশন-১ লিগে নিয়মিত খেলছেন। উইঙ্গার হিসেবেও সমান পারদর্শী এই তরুণ ফুটবলারকে নিয়ে বড় স্বপ্ন দেখছে বাফুফে।
বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম এক ভিডিও বার্তায় জানান, ট্রেভরের অন্তর্ভুক্তির বিষয়ে গত ডিসেম্বর থেকে যোগাযোগ শুরু হয়েছে। ইতোমধ্যেই তার এবং তার পরিবারের সদস্যদের জন্মনিবন্ধনসহ প্রাথমিক কাগজপত্রের কাজ সম্পন্ন হয়েছে। আগামী মে মাসের মধ্যে পাসপোর্ট ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের নভেম্বর উইন্ডো অথবা আগামী বছরের শুরুতেই তাকে লাল-সবুজের জার্সিতে দেখা যেতে পারে।
প্রবাসী ফুটবলারদের জাতীয় দলে অন্তর্ভুক্ত করার ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে ট্রেভরের পাশাপাশি আরও কয়েকজনকে নিয়ে কাজ করছে বাফুফে। বিশেষ করে আক্রমণভাগের ঘাটতি মেটাতে ট্রেভর ইসলাম বড় ভূমিকা রাখবেন বলে মনে করছেন ফুটবল সংশ্লিষ্টরা। পড়াশোনা ও ক্লাবের ব্যস্ততা কাটিয়ে দ্রুতই তিনি জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 























