বিশ্ব ফুটবলের মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদোর যোগ্য উত্তরসূরি হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন তার বড় ছেলে রোনালদো জুনিয়র। মাত্র ১৫ বছর বয়সেই মাঠের নৈপুণ্যে ফুটবল বিশ্বের নজর কাড়ছেন তিনি। সম্প্রতি আল-নাসরের অনূর্ধ্ব-১৬ দলের হয়ে আল ফাইহার বিপক্ষে এক রোমাঞ্চকর ম্যাচে হ্যাটট্রিক করে নিজের জাত চিনিয়েছেন এই তরুণ প্রতিভা। তার দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে ৪-৩ গোলের জয় পায় আল-নাসর।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে থাকা রোনালদো জুনিয়র অষ্টম মিনিটেই প্রথম গোলের দেখা পান। তবে তার হ্যাটট্রিকের সবচেয়ে নজরকাড়া মুহূর্তটি ছিল একটি নিখুঁত ফ্রি-কিক গোল। বাঁকানো শটে বল জালে জড়িয়ে দর্শকদের মোহিত করেন তিনি। গোল উদযাপনেও ছিল বাবার সেই চিরচেনা ‘সিউ’ ভঙ্গি, যা গ্যালারিতে বাড়তি উন্মাদনা ছড়ায়। ম্যাচের শেষ দিকে তার তৃতীয় গোলটি দলকে সমতায় ফেরায় এবং পরবর্তীতে অতিরিক্ত সময়ে সতীর্থের গোলে জয় নিশ্চিত হয়।
পেশাদার ফুটবলে নিজের ভবিষ্যৎ গড়তে রোনালদো জুনিয়র ইতোমধ্যেই রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মতো বড় ক্লাবের একাডেমিগুলোতে খেলেছেন। বর্তমানে আল-নাসরের যুব দলের পাশাপাশি পর্তুগালের অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৬ দলেও নিয়মিত খেলছেন তিনি। বড় রোনালদোর দীর্ঘদিনের স্বপ্ন—অবসরের আগে ছেলের সঙ্গে একই ম্যাচে মাঠে নামা। রোনালদো জুনিয়রের সাম্প্রতিক ফর্ম সেই স্বপ্ন পূরণের ইঙ্গিত দিচ্ছে।
রিপোর্টারের নাম 























