নরসিংদীর পলাশ উপজেলার জিনারদীতে এক বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ৯ হাজার লিটার ডিজেল জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দিবাগত রাতে জিনারদী ইউনিয়নের মূলপাড়া এলাকার একটি সাইজিং মিলে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ এবং তাকে সার্বিক সহায়তা করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। উদ্ধারকৃত ডিজেল তাৎক্ষণিকভাবে বাজেয়াপ্ত করে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে। তেল বিক্রির মাধ্যমে অর্জিত ৮ লাখ ৪৭ হাজার ৫১০ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।
এছাড়া অবৈধভাবে জ্বালানি তেল মজুত করার দায়ে সংশ্লিষ্টদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও পেট্রোলিয়াম আইনে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এবং বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 





















