নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে জয় পাওয়াকে বড় সাফল্য হিসেবে দেখছেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। পাকিস্তানের মাটিতে সিরিজ জয়ের আত্মবিশ্বাসকে সঙ্গী করে এবার ঘরের মাঠে কিউইদের মুখোমুখি হচ্ছে লাল-সবুজরা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হতে যাওয়া এই সিরিজে স্পোর্টিং উইকেটে খেলে নিজেদের সামর্থ্য প্রমাণ করতে মরিয়া টাইগাররা।
সিরিজের প্রথম ম্যাচের গুরুত্ব তুলে ধরে মিরাজ বলেন, যেকোনো টুর্নামেন্টে শুরুটা ভালো হওয়া জরুরি। নিউজিল্যান্ডের বর্তমান দলটি তুলনামূলক নতুন হলেও তাদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। পেশাদার ক্রিকেটার হিসেবে প্রতিটি ম্যাচই চ্যালেঞ্জিং। মিরাজের মতে, প্রথম ম্যাচে জয় পেলে সিরিজের বাকি পথ সহজ হয়ে যাবে এবং দলের আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যাবে।
বিশ্বকাপের প্রস্তুতির ক্ষেত্রে এই সিরিজটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করেন অধিনায়ক। বিশেষ করে আইসিসি র্যাংকিংয়ে শীর্ষ নয়ে থেকে সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্য রয়েছে বাংলাদেশের। মিরাজ বলেন, ২০২৩ বিশ্বকাপের আগে দল অনেক ম্যাচ জিতলেও মূল আসরে আশানুরূপ ফল আসেনি। তাই এবার প্রতিটি জয় থেকে আত্মবিশ্বাস সঞ্চয় করে মানসিকভাবে শক্তিশালী হয়ে বিশ্বকাপে যেতে চায় দল।
রিপোর্টারের নাম 

























