টানা কয়েকদিনের তীব্র তাপপ্রবাহের পর অবশেষে রাজধানীসহ দেশের সাতটি বিভাগে বৃষ্টির দেখা মিলেছে। এতে জনজীবনে স্বস্তি ফিরে এসেছে এবং তাপমাত্রার দাপট কিছুটা কমেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী আরও দুই দিন দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদদের মতে, বৃহস্পতিবার দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি হওয়ায় গরমের তীব্রতা কমেছে। তবে আগামী রোববার থেকে তাপমাত্রা পুনরায় বাড়তে শুরু করবে। দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, ২৫ এপ্রিলের পর থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আবারও বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চুয়াডাঙ্গায় ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা এ মাসে অতিক্রম করার সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। আগের দিনের তুলনায় যা অনেকটাই কম। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহে সর্বোচ্চ ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া নেত্রকোনা, যশোর ও ভোলাসহ বিভিন্ন অঞ্চলেও বৃষ্টি হয়েছে।
শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে রাতের তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
রিপোর্টারের নাম 
























