উসমান দেঁবেলের অসাধারণ নৈপুণ্যে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। লিভারপুলকে তাদেরই মাঠে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে জয়লাভ করে ফরাসি ক্লাবটি। প্রথম লেগে নিজেদের মাঠে ২-০ গোলে জয়ের পর অ্যানফিল্ডে আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে নেমেছিল পিএসজি। অন্যদিকে, ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে খেলা শুরু করা লিভারপুল কিছু সুযোগ তৈরি করলেও ভাগ্য তাদের সহায় হয়নি।
দ্বিতীয়ার্ধে পেনাল্টি পেয়েও ভিএআর পর্যালোচনায় তা বাতিল হওয়ায় বড় ধাক্কা খায় লিভারপুল। ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন উসমান দেঁবেল। প্রথমার্ধে কিছু সুযোগ হাতছাড়া করলেও দ্বিতীয়ার্ধে আর ভুল করেননি এই ফরাসি ফরোয়ার্ড। ম্যাচের ৭২তম মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া এক নিচু শটে গোল করে পিএসজিকে এগিয়ে দেন তিনি, যা অ্যানফিল্ডের দর্শকদের স্তব্ধ করে দেয়। এরপর যোগ করা সময়ে দলীয় দারুণ এক আক্রমণ থেকে নিজের দ্বিতীয় গোলটি করে লিভারপুলের সেমিফাইনালে ওঠার শেষ আশাটুকুও নিভিয়ে দেন দেঁবেল। তার জোড়া গোলেই নিশ্চিত হয় পিএসজির জয়।
এখন সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ অথবা বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি। প্রথম লেগে বায়ার্ন ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। অন্যদিকে, টানা দ্বিতীয়বারের মতো পিএসজির কাছে হেরে ইউরোপীয় অভিযান শেষ হলো লিভারপুলের। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করতে প্রিমিয়ার লিগে শীর্ষ পাঁচে থাকা এখন তাদের মূল লক্ষ্য।
রিপোর্টারের নাম 
























