বাংলা নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে আজ রাজধানীতে নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিশেষ ট্রাফিক পরিকল্পনা ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় যান চলাচলে ডাইভারশন কার্যকর থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। বিশেষ করে রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাকে ঘিরে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি রমনার বটমূলে স্থাপিত ডিএমপির নিয়ন্ত্রণকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাফিক পরিকল্পনা ও নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত তুলে ধরেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
যেসব এলাকায় ডাইভারশন
ডিএমপির তথ্য অনুযায়ী, মোট ১৪টি পয়েন্টে যান চলাচলের পথ পরিবর্তন করা হবে। এর মধ্যে উল্লেখযোগ্য—
- বাংলামোটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও পুলিশ ভবন এলাকা
- সুগন্ধা, কাকরাইল চার্চ ও কদম ফোয়ারা
- হাইকোর্ট পশ্চিম গেট, শহীদুল্লাহ হল ও রমনা ক্রসিং
- ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, জগন্নাথ হল ও ভাস্কর্য ক্রসিং
- নীলক্ষেত ও কাঁটাবন ক্রসিং
বিকল্প পথ ব্যবহারের নির্দেশনা
যানজট এড়াতে নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে ডিএমপি—
মিরপুর-ফার্মগেটগামী: ভারী যানবাহন বাংলামোটর-মগবাজার হয়ে চলাচল করবে; হালকা যানবাহন ইন্টারকন্টিনেন্টাল-মিন্টো রোড ব্যবহার করতে পারবে। গোলাপশাহ মাজার ও হাইকোর্টমুখী: কদম ফোয়ারা-ইউবিএল-নাইটিঙ্গেল ক্রসিং হয়ে চলাচলের পরামর্শ।সায়েন্সল্যাবমুখী: ভারী যানবাহন আজিমপুর-চানখাঁরপুল-বকশীবাজার হয়ে যাবে; হালকা যানবাহন কাঁটাবন-হাতিরপুল অথবা নীলক্ষেত-পলাশী রুট ব্যবহার করবে।
নির্ধারিত পার্কিং ব্যবস্থা
উৎসব উপলক্ষে যানবাহন পার্কিংয়ের জন্য কয়েকটি নির্দিষ্ট স্থান নির্ধারণ করা হয়েছে—
- নেভি গ্যাপ থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত (উভয় পাশে)
- মৎস্য ভবন থেকে সেগুনবাগিচা ও শিল্পকলা একাডেমি গলি (শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনী)
- কাঁটাবন-নীলক্ষেত হয়ে পলাশী ক্রসিং (রাস্তার পশ্চিম পাশে)
- আবদুল গণি রোড ও সচিবালয় লিংক রোড (উভয় পাশে)
নববর্ষের আনন্দঘন পরিবেশ বজায় রাখতে রাজধানীবাসীকে ট্রাফিক নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার। তিনি বলেন, সম্মিলিত সচেতনতাই উৎসবকে নিরাপদ ও স্বস্তিদায়ক করে তুলবে।
রিপোর্টারের নাম 























