মাদারীপুরের শিবচর উপজেলার পদ্মা নদীর বুকে জেগে ওঠা বিচ্ছিন্ন চরাঞ্চলগুলোতে বসবাসকারী মানুষের জীবন এক নিরন্তর সংগ্রামের নাম। নদীভাঙন, দারিদ্র্য, অপর্যাপ্ত অবকাঠামো এবং প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে তাদের বেঁচে থাকতে হয়। এখানে প্রতিটি দিন শুরু হয় অনিশ্চয়তা আর সংগ্রামের মধ্য দিয়ে, আর শেষ হয় টিকে থাকার লড়াইয়ে ক্লান্ত এক নিঃশ্বাসে।
চরাঞ্চলগুলোতে রাস্তাঘাটের অভাব, বিদ্যুৎ সুবিধার অনুপস্থিতি এবং বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট এখানকার সাধারণ মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে। সর্বনাশা পদ্মার ভাঙনে বহু পরিবার তাদের ভিটেমাটি, বসতঘর এবং ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। নতুন চরের জন্য তাদের অপেক্ষা দীর্ঘ হয়, যা কখনো কখনো ১৫ থেকে ২০ বছর পর্যন্ত স্থায়ী হয়।
জীবিকার প্রধান উৎস কৃষি ও মৎস্য হলেও প্রকৃতির ওপর নির্ভরশীল হওয়ায় আয় প্রায়শই অনিশ্চিত থাকে। বন্যা, খরা কিংবা আকস্মিক ভাঙনে মুহূর্তেই অনেক পরিবার সর্বস্বান্ত হয়ে পড়ে। বিকল্প কর্মসংস্থানের সুযোগও এখানে অত্যন্ত সীমিত। চরাঞ্চলের অধিকাংশ এলাকায় কোনো পাকা রাস্তা নেই এবং নদী পারাপারের জন্য নৌকাই একমাত্র ভরসা। এর ফলে রোগী পরিবহন, শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় কাজকর্মে মারাত্মকভাবে ব্যাহত হয়। বর্ষা মৌসুমে প্রবল স্রোত ও নৌকার অভাবে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, যা জীবনযাত্রাকে আরও কঠিন করে তোলে।
এছাড়াও, বর্ষা মৌসুমে চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে যায়, ঘরবাড়ি ভেসে যায় এবং নিরাপদ আশ্রয়ের সংকট দেখা দেয়। বিচ্ছিন্ন চরগুলোতে প্রতি বছর নৌকাডুবির ঘটনাও ঘটে, যা প্রাণহানির শঙ্কা বাড়িয়ে তোলে। মাদারীপুর জেলার শিবচর উপজেলার পদ্মা নদীর চরজানাজাত, কাঁঠালবাড়ি ও মাদবরের চরের মতো এলাকাগুলোতে সাধারণ মানুষের এই জীবন সংগ্রামের চিত্র বিশেষভাবে লক্ষণীয়।
রিপোর্টারের নাম 
























