ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল আলম দীর্ঘ ৩৬ বছরের কর্মজীবন শেষে অবসরে যাচ্ছেন। রবিবার (১২ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গণে সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের আয়োজনে এক আবেগঘন বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। প্রিয় শিক্ষককে বিদায় জানাতে গিয়ে অনেকেই অশ্রুসিক্ত হয়ে পড়েন।
মো. রবিউল আলম ১৯৯০ সালে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং ২০০৬ সালে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পান। এরপর একটানা ২০ বছর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে তিনি ২০২৬ সালের মার্চ মাসে অবসর গ্রহণ করেন। ছাত্রজীবন থেকে শুরু করে কর্মজীবনে তিনি ছোট-বড় অসংখ্য পুরস্কার লাভ করেছেন।
দীর্ঘদিনের প্রিয় শিক্ষককে বিদায় জানাতে বিদ্যালয় মাঠে সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়রা জড়ো হন। এই অনুষ্ঠানে এক হৃদয়-স্পর্শী পরিবেশ সৃষ্টি হয়, যেখানে অনেক শিক্ষার্থী ও শিক্ষককে অশ্রুসিক্ত চোখে বিদায় জানাতে দেখা যায়। অনুষ্ঠান শেষে বিদ্যালয় ও উপজেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে মো. রবিউল আলমকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। সবশেষে ফুল দিয়ে সাজানো প্রাইভেট কারে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
মাঝারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেহেনা পারভিনের সভাপতিত্বে এবং বড় কাজুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. রবিউল ইসলাম। এছাড়াও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাইনুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























