চলতি বছরের পবিত্র হজ ফ্লাইট আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন রাতে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করবেন। রবিবার (১২ এপ্রিল) সচিবালয়ে হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এই তথ্য জানান। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
হজ ফ্লাইট কবে উদ্বোধন হবে, এমন প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, আগামী ১৭ এপ্রিল রাতে প্রধানমন্ত্রী হজ ফ্লাইট উদ্বোধন করবেন। সভায় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন কীভাবে হাজিদের সর্বোচ্চ সেবা দেওয়া যায় এবং আল্লাহর মেহমানদের খেদমত করতে হবে। তিনি পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, হাজিদের ওপর কোনো অন্যায়, অপরাধ বা অবিচার সহ্য করা হবে না।
প্রধানমন্ত্রী হজযাত্রীদের ব্যাপারে অত্যন্ত সচেতন জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, তিনি দু-একদিনের মধ্যে হজ ক্যাম্পে যাবেন, যেখানে হাজিরা এসে উঠবেন। তিনি নিজে থেকেই সেখানে যাওয়ার কথা বলেছেন।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে হজ ফ্লাইটে জটিলতা দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে সরকার আগাম কী পদক্ষেপ নিচ্ছে, জানতে চাইলে মন্ত্রী বলেন, হাজিরা আল্লাহর মেহমান। ইনশাআল্লাহ, আল্লাহ সব ব্যবস্থা করবেন এবং কোনো জটিলতা হবে না।
রিপোর্টারের নাম 



















