‘শুয়া চান পাখি’, ‘পুবালী বাতাসে’ কিংবা ‘আমার গায়ে যত দুঃখ সয়’—গানগুলো বাজলেই মনে পড়ে যায় এক দরদভরা কণ্ঠের কথা। যার গানে ছিল বিরহ, অভিমান আর মাটির গন্ধ। শুধু কণ্ঠেই নয়, বাঁশির সুরেও যিনি মুগ্ধ করেছিলেন অসংখ্য মানুষ। তিনি গুণী শিল্পী বারী সিদ্দিকী। আজ ২৪ নভেম্বর তাঁর নবম প্রয়াণ দিবস।
২০১৭ সালের এই দিনে না ফেরার দেশে পাড়ি জমান এই শিল্পী। ১৯৫৪ সালের ১৫ নভেম্বর নেত্রকোনায় জন্মগ্রহণ করেন তিনি। ছোটবেলা থেকেই বাঁশির প্রতি ছিল তাঁর গভীর ভালোবাসা। পরিবারের গানের আবহ ও মায়ের উৎসাহে সংগীতের প্রতি আগ্রহ তৈরি হলেও বাঁশিই ছিল তাঁর জীবনের প্রথম প্রেম।
দীর্ঘদিন বাঁশি বাজালেও তিনি শুরুতে দেশজুড়ে ব্যাপক পরিচিতি পাননি। পরে গানে কণ্ঠ দিয়ে শ্রোতাদের হৃদয়ে স্থায়ী আসন গড়ে নেন। ১৯৯৩ সালে কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের সঙ্গে পরিচয়ের পর বদলে যায় তাঁর জীবনের গতিপথ। ১৯৯৮ সালে হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমায় ছয়টি গান গেয়ে তিনি রাতারাতি তারকাখ্যাতি পান। এর মধ্যে উল্লিখিত গানগুলো ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
১৯৯৯ সালে সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব বাঁশি সম্মেলনে ৭০টি দেশের প্রতিনিধির সামনে বাঁশি বাজিয়ে তিনি সবাইকে মুগ্ধ করেন। তিনি ছিলেন সেই সম্মেলনে উপমহাদেশের একমাত্র প্রতিনিধি। পরবর্তী সময়ে এক ডজনের বেশি অ্যালবাম প্রকাশ করেন এই শিল্পী।
তাঁর শারীরিক উপস্থিতি না থাকলেও কণ্ঠ আর বাঁশির সুর আজও বেঁচে আছে লাখো শ্রোতার হৃদয়ে। বারী সিদ্দিকী এমন এক গুণী শিল্পী, যাঁর সুরের মূর্ছনায় আজও জীবন্ত হয়ে ওঠে বাংলার মাটি ও মানুষের না বলা গল্প।


























