জুলাই সনদ বাস্তবায়ন না করায় জাতীয় ঐক্যের পথে বর্তমান সরকারই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম বন্দর শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আয়োজকদের দাবি, সম্মেলনে প্রায় ১৫ হাজার শ্রমিক কাউন্সিলর অংশ নেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের সংকটকালে প্রধানমন্ত্রী সম্প্রতি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। আমরাও এই জাতীয় ঐক্যের সঙ্গে একমত। কিন্তু প্রধানমন্ত্রী ও সরকারই জুলাই সনদ বাস্তবায়ন না করার মাধ্যমে জাতীয় ঐক্যের সামনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছেন। গণভোটের রায় উপেক্ষা করে জনগণের অধিকার ক্ষুণ্ন করা হচ্ছে। তিনি আরও বলেন, ৭০ ভাগ ভোটে বিজয়ী গণভোটের রায় ৫০ ভাগ সংসদীয় আসনের জোরে প্রত্যাখ্যান করা যায় না। সরকার জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় মেনে নিতে হবে।
চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে তিনি বলেন, দেশের সম্পদ দেশীয়ভাবে পরিচালনার সক্ষমতা অর্জন করতে হবে। বন্দরকে দেশের স্বার্থ বিকিয়ে বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দিলে জনগণ সরকারকে আধিপত্যবাদী শক্তির দালাল আখ্যা দেবে। এছাড়া প্রতিবেশী দেশ ভারতের প্রসঙ্গে তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণ-আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বাংলাদেশ দিল্লির কোনো ধরনের আধিপত্য মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।






















