নিজের কথা বলার পাশাপাশি অন্যের গল্প মনোযোগ দিয়ে শোনার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানায় ‘ডে অব লিসেনিং’ বা শ্রবণ দিবস। পরিবার, বন্ধু কিংবা পরিচিত মানুষের জীবনের গল্প শুনে সম্পর্ক দৃঢ় করা এবং মূল্যবান স্মৃতি সংরক্ষণ করাই দিনটির মূল উদ্দেশ্য। প্রতি বছর যুক্তরাষ্ট্রে থ্যাঙ্কসগিভিং দিবসের পরের শুক্রবার পালিত হয় শ্রবণ দিবস। সেই হিসাবে ২০২৬ সালের ২৭ নভেম্বর, শুক্রবার পালিত হচ্ছে দিনটি।
২০০৮ সালে অলাভজনক সংস্থা স্টোরিকর্পসের উদ্যোগে দিবসটির সূচনা হয়। সংস্থাটির উদ্যোগে এখন পর্যন্ত ছয় লক্ষের বেশি মানুষ নিজেদের জীবনের গল্প ও অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। অন্যের কথা শোনা মানে শুধু কানে শোনা নয়, বরং তার অনুভূতি, অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করা। মনোযোগ দিয়ে কারও কথা শুনলে পারস্পরিক বিশ্বাস বাড়ে, ভুল বোঝাবুঝি কমে এবং সম্পর্ক আরও গভীর হয়।
শ্রবণ দিবস পালনে বড় কোনো আয়োজনের প্রয়োজন নেই। অন্যের কথা শোনার সময় মাঝখানে বাধা দেওয়া থেকে বিরত থাকতে হবে। নিজের মতামত চাপিয়ে না দিয়ে বক্তার অনুভূতি বোঝার চেষ্টা করতে হবে। কথা বলার সময় মোবাইল ফোন সরিয়ে রেখে সম্পূর্ণ মনোযোগ দেওয়াও জরুরি। কারণ, কখনো কখনো কয়েক মিনিটের আন্তরিক মনোযোগই কারও কাছে হয়ে উঠতে পারে অনেক বড় প্রাপ্তি।

























