চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় মাইশা মুশফিরাত (২১) নামে এক বিশ্ববিদ্যালয়ছাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কুমিরায় ডালাস পেট্রোল পাম্পের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাইশা মুশফিরাত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ইংরেজি বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বটতাকিয়া এলাকায়। তিনি ওই এলাকার সাখাওয়াত হোসেন ও সালমা আক্তারের মেয়ে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল সূত্রে জানা গেছে, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাঁকে মঙ্গলবার সকাল ১১টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে, মাইশার মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাইশার মৃত্যুতে পুরো আইআইইউসি পরিবার গভীরভাবে শোকাহত। তাঁর রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস স্থগিত ঘোষণা করা হয়েছে।


























