এক বা দুই বিষয়ে অকৃতকার্য ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য বিশেষ সম্পূরক পরীক্ষা আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। পরীক্ষা গ্রহণ থেকে শুরু করে উত্তরপত্র মূল্যায়ন এবং চূড়ান্ত ফল প্রকাশের পুরো প্রক্রিয়া ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ডগুলো।
সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সেশনজট এড়াতে ডিসেম্বরের মধ্যেই পুরো কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য নিয়ে প্রস্তুতি চলছে।
অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, প্রতিটি শিক্ষা বোর্ডকে এক মাসের সীমিত সময়ের মধ্যে এ বিশাল কর্মযজ্ঞ শেষ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্ভুল ফল প্রকাশের বাধ্যবাধকতা থাকায় পরীক্ষার সূচি পেছানো বা দীর্ঘায়িত করার সুযোগ নেই।

























