পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সাপলেজা ইউনিয়নের ভাড়ানি এলাকায় এ ঘটনায় উভয় পক্ষের ছয়জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম অভিকে অভ্যর্থনা জানাতে আসা সমর্থকদের সঙ্গে প্রতিপক্ষ প্রার্থী নাসির খানের সমর্থকদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে অভির পক্ষের পাঁচ-ছয়জন এবং নাসির খানের পক্ষের একজন সমর্থক আহত হন। আহতদের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম অভি অভিযোগ করেন, নাসির খানের লোকজন পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। অন্যদিকে, নাসির খান এই অভিযোগ অস্বীকার করে দাবি করেন, অভির সমর্থকরাই তাঁর কর্মীদের ওপর হামলা করেছেন। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
























