তৈরি পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। গত কয়েক দিনের তুলনায় আজ সোমবার অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিতে দেখা গেছে। তবে কিছু কারখানায় শ্রমিকেরা উপস্থিত হয়েও কাজ না করায় কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে। এ ছাড়া বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ২২টি কারখানা।
শিল্পাঞ্চল পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে আশুলিয়ার বিভিন্ন স্থানে ২১টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এসব কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিলেও কাজ না করে কর্মবিরতি পালন করছিলেন। তবে শিল্পাঞ্চলের মোট কারখানার তুলনায় ছুটি ঘোষণা করা কারখানার সংখ্যা কম।
সোমবার সকাল ১০টার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, আশুলিয়ার বিভিন্ন এলাকার ২১টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া শ্রম আইনের ১৩(১) ধারায় হামীম, এনভয়, নীট এশিয়া ও নেক্সট কালেকশনসহ মোট ২২টি কারখানা বন্ধ রয়েছে। এর বাইরে দুটি কারখানায় সাধারণ ছুটি রয়েছে।
শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, ১৩(১) ধারায় বন্ধ থাকা কারখানাগুলো বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট কারখানার পরিস্থিতি বিবেচনায় বন্ধ ঘোষণা করা হয়েছে।
নিশ্চিন্তপুরে বিক্ষোভ, বাস ও কারখানায় ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে। শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় কাজ চললেও সোমবার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় উত্তেজনা দেখা দেয়। সকাল সোয়া ৯টার দিকে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের নিশ্চিন্তপুর এলাকায় একদল বিক্ষোভকারী সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁরা একটি বাস লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। আশপাশের কয়েকটি কারখানা লক্ষ্য করেও ইটপাটকেল ছোড়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। সকাল সোয়া ১১টার দিকে খুদে বার্তায় শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, নিশ্চিন্তপুর এলাকায় নিউ এইজ গ্রুপের কারখানার কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক প্রথমে শিক্ষার্থীদের পরিবহনের একটি বাসে হামলা করেন। পরে পাশের কারখানায় হামলার চেষ্টা করলে তাদের সরে যেতে বলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে একটি সাউন্ড গ্রেনেড ও একটি কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করা হয়।
এ সময় বিক্ষোভকারীদের ছোড়া ইটপাটকেলসহ বিভিন্ন বস্তুর আঘাতে তিনজন শ্রমিক আহত হন। তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাঁদের অবস্থা ভালো বলে জানান পুলিশ সুপার।
অন্য কারখানায় কাজে যোগ দেওয়ায় শ্রমিকদের ওপর হামলার অভিযোগও পাওয়া গেছে। এদিকে নিশ্চিন্তপুর এলাকায় নিউ এইজ কারখানার শ্রমিকদের একাংশের বিরুদ্ধে আশপাশের চালু কারখানার শ্রমিকদের ওপর হামলার চেষ্টার অভিযোগ করেছেন সেলিম নামের এক প্রত্যক্ষদর্শী। তাঁর অভিযোগ, সকালে সাধারণ ছুটি ঘোষণার পর নিউ এইজ কারখানার শ্রমিকদের একটি দল সড়কে অবস্থান নেয়। পরে আশপাশের যেসব কারখানা চালু ছিল, সেগুলোতে হামলা চালানো হয়।

























