বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের কার্যকর সংযোগ তৈরি করতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সুদৃঢ় সমন্বয় গড়ে উঠলে শিক্ষার্থীদের কর্মসংস্থানের পরিধি ব্যাপকভাবে সম্প্রসারিত হবে। এ লক্ষ্য বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিল্প মন্ত্রণালয় আয়োজিত ‘কর্মসংস্থান সৃষ্টিতে তরুণ উদ্যোক্তা: বিশ্ববিদ্যালয়ই হতে পারে নতুন উদ্যোক্তা সৃষ্টির সূতিকাগার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী জোর দিয়ে বলেন, উচ্চশিক্ষার তাত্ত্বিক জ্ঞানের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের ব্যবহারিক চাহিদা ও বাস্তবতার যোগসূত্র স্থাপন করা অত্যন্ত জরুরি। এই সংযোগ তৈরি হলে স্নাতক সম্পন্ন করার পর তরুণদের কর্মক্ষেত্রে প্রবেশের পথ সহজ ও সুগম হবে।
তিনি আরও উল্লেখ করেন, একজন সফল উদ্যোক্তা হতে হলে উদ্ভাবনী মেধার পাশাপাশি বাজার চাহিদার সঠিক মূল্যায়ন করতে জানতে হয়। সময়ের চাহিদা বিবেচনায় নিয়ে নতুন ধারণা ও উদ্যোগ বাস্তবায়ন করতে হবে। এছাড়া শিক্ষামন্ত্রী এইচএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের কথা উল্লেখ করে বলেন, শিক্ষার্থীদের গুণগত মূল্যায়নের ওপর সর্বোচ্চ জোর দেওয়া হচ্ছে।
তরুণ উদ্যোক্তা তৈরিতে সরকারি উদ্যোগ তুলে ধরে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ সুগম করতে এবং নতুন উদ্যোক্তা তৈরিতে বিশেষ তাগিদ দিচ্ছেন। উদ্যোক্তাদের সহায়তা প্রদানে সহজ শর্তে ঋণদান কর্মসূচিও গ্রহণ করা হয়েছে।
শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ কে এম মাসুদ। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও তরুণ উদ্যোক্তাসহ প্রায় একশ ব্যবসায়ী প্রতিনিধি অংশ নেন।

























