দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির চক্রান্তের বিরুদ্ধে সব সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাংলাদেশের মানুষ সবসময় সংগ্রাম করে নিজেদের অধিকার আদায় করেছে। দেশের বিরুদ্ধে যেসব ষড়যন্ত করা হচ্ছে, এ দেশের মানুষ তা আবারও রুখে দিতে সক্ষম হবে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে আয়োজিত দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও জাতীয় বৌদ্ধ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এই আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, কঠিন চীবর দান বৌদ্ধ সম্প্রদায়ের অত্যন্ত ঐতিহ্যবাহী ও পবিত্র ধর্মীয় অনুষ্ঠান। এ ধরনের আয়োজন সমাজ থেকে হিংসা-বিদ্বেষ দূর করে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের পথ দেখায়। এ সময় তিনি বৌদ্ধ সম্প্রদায়ের প্রয়াত নেতাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তাঁদের অবদানের কথা তুলে ধরেন। একইসঙ্গে গৌতম বুদ্ধের আদর্শ অনুসরণ করে সবাইকে জ্ঞান, যুক্তি ও নৈতিকতার পথ অনুসরণের পরামর্শ দেন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, অনেক আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি। কিন্তু আজ একটি বিশেষ গোষ্ঠী পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে, যাতে দেশকে আবারও অন্ধকারের দিকে ঠেলে দেওয়া যায়। তবে বাংলাদেশের সচেতন জনগণ অতীতেও যেমন সব চক্রান্ত প্রতিহত করেছে, এবারও তা ব্যর্থ করে দেবে।
বৌদ্ধ সম্প্রদায়ের কল্যাণ ও অধিকারের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার সকল ধর্মীয় সম্প্রদায়ের উন্নয়ন ও অধিকার রক্ষায় বদ্ধপরিকর। বৌদ্ধবিহার সংস্কার, আর্থিক অনুদান, সম্মানী ভাতা প্রদানসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি অব্যাহত রয়েছে। সংবিধানে স্বীকৃত অধিকার রক্ষায় সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি নাগরিক।




















