বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতিতে মত্ত রয়েছেন। তিনি বলেন, গণঅভ্যুত্থানের মুখে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিলেও ক্ষমতার মোহে শেখ হাসিনা এখনো দেশে অগ্নিসন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। ‘পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের দেশব্যাপী পরিকল্পিত নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে’ অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এই সমাবেশের আয়োজন করে।
রিজভী আরও বলেন, মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার হরণ করে শেখ হাসিনা পালিয়ে গেলেও তার হিংসাত্মক আচরণের কোনো পরিবর্তন হয়নি। তিনি গত ১৭ বছর ক্ষমতায় থাকাকালীন যে নীতি অনুসরণ করেছেন, এখনো সেই পথেই হাঁটছেন। দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর, গাড়ি, পোশাক কারখানা ও সরকারি স্থাপনায় পরিকল্পিতভাবে আগুন দেওয়া হচ্ছে বলেও তিনি দাবি করেন।
তিনি অভিযোগ করেন, বিদেশে পাচার করা অর্থ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেশে পাঠিয়ে ঘাপটি মেরে থাকা সন্ত্রাসীদের দিয়ে এসব নাশকতা চালানো হচ্ছে। বর্তমান সরকারের পদক্ষেপের বিষয়ে রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার অত্যন্ত ধৈর্যের সঙ্গে এবং গণতান্ত্রিক ও আইনি প্রক্রিয়ায় এই তাণ্ডব মোকাবিলা করছে। অতীতে আওয়ামী লীগ সরকারের মতো নির্বিচার গুলি চালিয়ে মানুষ হত্যা না করাই তারেক রহমানের সঙ্গে শেখ হাসিনার মূল পার্থক্য।
ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাদের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলে রিজভী বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে কূটনৈতিক শিষ্টাচারের কথা বলা হলেও, সেখানে অবস্থানরত আওয়ামী লীগের চার নেতা কীভাবে বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলে দেশটির ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেন? সরকারের সবুজ সংকেত ছাড়া সরকারি কর্মকর্তারা কীভাবে পলাতক নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন, তা নিয়ে গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত রয়েছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শিশু, কিশোর ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হত্যাকারীদের জায়গা বাংলাদেশের মাটিতে হবে না। দেশের সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে সব ষড়যন্ত্র প্রতিহত করবে। এ্যাবের সদস্যসচিব প্রকৌশলী শোয়েব বাশরী হাবলুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন প্রকৌশলী খান মুর্শিদ, প্রকৌশলী হারুন অর রশিদ, প্রকৌশলী মিয়া মো. কাইয়ুম ও প্রকৌশলী এনায়েত হোসেন প্রমুখ।




















