ময়মনসিংহের ধোবাউড়ায় ১০২ বোতল ভারতীয় মদসহ সহোদর দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তাদের বসতঘর থেকে ৯৬ বোতল মদ ও ৬ বোতল বিয়ার জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের ভেদীকুড়া গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে আজিজুল হক (২৩) ও হাবিল (২৮)।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ জেলা পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে ওই দিন ভোররাতে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের ভেদীকুড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ধোবাউড়া থানার পুলিশ জানতে পারে যে, দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের ভেদীকুড়া গ্রামে বিপুল পরিমাণ ভারতীয় মদ মজুদ আছে। বিষয়টি জানার সাথে সাথে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলামের নেতৃত্বে এসআই হারুন, এসআই আজিজুল হাসান ও সঙ্গীয় ফোর্স নিয়ে ভেদীকুড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় আজিজুল হকের বসতঘরের মাচার নিচ থেকে ৮ বস্তায় ৮০ বোতল এবং হাবিলের বসতঘরের সামনের লাকড়ির নিচ থেকে ২ বস্তায় ১৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এছাড়া হাবিলের দেখানো মতে একটি বস্তা থেকে ৬ বোতল ভারতীয় বিয়ার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের বাজারমূল্য ৪ লাখ ২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু এবং তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।


























