রাজধানীর পল্টন থানা এলাকার কালভার্ট রোডে রায়হান রনি (৪০) নামের এক আইনজীবীকে মারধর করে পুলিশে সোপর্দ করার অভিযোগ উঠেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন ও তাঁর অনুসারী নেতাকর্মীদের বিরুদ্ধে।
সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হামলায় আহত আইনজীবী রায়হান রনির মাথায় ১০টি সেলাই লেগেছে এবং তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।
আহত আইনজীবী রায়হান রনি জানান, কালভার্ট রোড এলাকায় যুবদল নেতা নয়নসহ তাঁর নেতাকর্মীরা তাঁকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেন। পরবর্তীতে পুলিশ তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আবু সালেহ জানান, আওয়ামী লীগের কর্মী সন্দেহে বিএনপির নেতাকর্মীরা ওই আইনজীবীকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন। পরে আহত অবস্থায় দ্রুত তাঁকে ঢামেক হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
























