মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই আবহাওয়াজনিত প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন।
আবহাওয়া অধিদপ্তর জানায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
পরবর্তী দিনগুলোতেও আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। বুধবার (২৫ নভেম্বর) থেকে শুক্রবার (২৭ নভেম্বর) পর্যন্ত দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী পাঁচ দিনে আবহাওয়ার বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

























