এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণে নতুন করে ১ হাজার ৬২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের ১ হাজার ৪১১ জন, মাদরাসা শিক্ষা বোর্ডের ১৭১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের ৩৮ জন শিক্ষার্থী রয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) রাতে প্রকাশিত পুনর্নিরীক্ষণের সংশোধিত পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছেন। এ বোর্ডে ৪৬৫ জনের ফলাফল পরিবর্তন হয়ে জিপিএ-৫ এসেছে। দ্বিতীয় স্থানে থাকা ময়মনসিংহ বোর্ডে নতুন জিপিএ-৫ পেয়েছেন ২৭৪ জন শিক্ষার্থী।
এছাড়া যশোর বোর্ডে ১৬৩ জন, দিনাজপুরে ১৩৪ জন, কুমিল্লায় ১২০ জন, চট্টগ্রামে ১০১ জন, সিলেটে ৭৭ জন, রাজশাহীতে ৫৬ জন এবং বরিশাল বোর্ডে ২১ জন শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ অর্জন করেছেন।
সংশোধিত তথ্যানুযায়ী, এবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। তাদের মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হয়। এতে সর্বমোট ২৩ হাজার ১৪৫ জন শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। পাশাপাশি অকৃতকার্য অবস্থান থেকে পাস করেছেন ৫ হাজার ৫৪৮ জন শিক্ষার্থী।
এর আগে একই দিন বিকেল ৩টায় ফল পুনর্নিরীক্ষণের প্রাথমিক পরিসংখ্যান প্রকাশ করা হয়েছিল। তবে প্রকাশিত তথ্যে অমিল থাকায় পরবর্তীতে তা সংশোধন করে পরিমার্জিত পরিসংখ্যান প্রকাশ করে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।

























