তারেক রহমানকে নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহারে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করা না হলে তার বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হাবিবুর রহমান এনসিপির আহ্বায়ক বরাবর এই লিগ্যাল নোটিশটি পাঠান।
নোটিশে বলা হয়, গত ৩০ অক্টোবর দেশের দুটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনে নাহিদ ইসলামের দেওয়া বক্তব্য আবেদনকারীর দৃষ্টিগোচর হয়েছে। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়া ঢালাওভাবে মিথ্যা ও কাল্পনিক অভিযোগ তুলে একজন সম্মানিত ব্যক্তিত্বের চরিত্র হনন করা মারাত্মক অপরাধ এবং তা রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।
নোটিশে আরও উল্লেখ করা হয়, এমন বিভ্রান্তিকর বক্তব্যের জন্য এনসিপির আহ্বায়ককে জাতির কাছে ক্ষমা চেয়ে আগামী ১০ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করতে হবে, অন্যথায় প্রচলিত আইনে পদক্ষেপ গ্রহণ করা হবে।























