ইউরোপের দেশ গ্রিসের থেসালোনিকি শহরে অবস্থিত প্রায় ৫৫০ বছরের পুরোনো ঐতিহাসিক হামজা বে মসজিদটি দীর্ঘ সংস্কার কাজ শেষে আবারও জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। গ্রিসের সংস্কৃতিমন্ত্রী লিনা মেন্দোনি আনুষ্ঠানিকভাবে মসজিদটি খুলে দেওয়ার ঘোষণা দেন।
১৪৬৭-৬৮ খ্রিস্টাব্দে নির্মিত এই মসজিদটি ‘আলকাজার’ নামেও পরিচিত। উসমানি শাসনামলের স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন হিসেবে এটি দীর্ঘকাল ধরে সংরক্ষিত ছিল। সংস্কারের সময় মসজিদের মূল কাঠামো এবং সূক্ষ্ম কারুকার্য অক্ষুণ্ন রেখে এর ঐতিহাসিক মর্যাদা বজায় রাখা হয়েছে।
সংস্কৃতিমন্ত্রী লিনা মেন্দোনি বলেন, থেসালোনিকি শহরের স্থাপত্য ঐতিহ্য সংরক্ষণে এই উদ্যোগ একটি মাইলফলক। কয়েক দশক ধরে সংস্কারকাজের জন্য মাচা দিয়ে ঘেরা থাকা মসজিদটি এখন তার নিজস্ব মহিমায় ফিরে এসেছে, যা বলকান অঞ্চলের ইসলামি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ স্মারক।

























