বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুমান সূচক (একিউআই) স্কোর দাঁড়িয়েছে ১৬৫, যা পরিবেশগত মানদণ্ডে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।
মঙ্গলবার সকালে প্রকাশিত তালিকায় ৪৪৪ স্কোর নিয়ে বায়ুদূষণের শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। তালিকায় ২০২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের রাজধানী নয়াদিল্লি এবং ১৯২ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা। চতুর্থ স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, যার স্কোর ১৭৩।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো, ৫১ থেকে ১০০ সহনীয় এবং ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। এছাড়া স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ ছাড়িয়ে গেলে বাতাসকে ‘দুর্যোগপূর্ণ’ বা বিপজ্জনক বিবেচনা করা হয়।





















