প্রায় বছর দশেক আগে ভাইরাল হওয়া ‘বিলিওনেরা’ গানের সুবাদে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া রোমানিয়ার পপ সংগীতশিল্পী ওটিলিয়া ব্রুমা দ্বিতীয়বারের মতো ঢাকায় এসেছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকায় পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তবে তার এই কনসার্ট ঘিরে সংগীতাঙ্গনে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। বিশেষ করে একটিমাত্র জনপ্রিয় গানকে কেন্দ্র করে আয়োজিত এই কনসার্টের টিকিটের চড়া দাম নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক শ্রোতা ও ভক্ত।
রোমানিয়ান এই শিল্পীর গানের ভাষা ঢাকার সাধারণ শ্রোতাদের কাছে দুর্বোধ্য হলেও তাকে সরাসরি মঞ্চে দেখতে ও গান শুনতে গুনতে হবে মোটা অঙ্কের অর্থ। কনসার্টের টিকিটের দাম আড়াই হাজার টাকা থেকে শুরু হয়ে সামনের সারির জন্য ১৫ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। অথচ ‘বিলিওনেরা’ ছাড়াও তার অন্য কোনো উল্লেখযোগ্য জনপ্রিয় গান রয়েছে কি না এবং এই চড়া দামে টিকিট কিনে দর্শকরা কতটা সন্তুষ্ট হবেন, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকে।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীদের তুলনায় ওটিলিয়ার বৈশ্বিক মঞ্চে পারফরম্যান্স এবং ইউটিউব পরিসংখ্যান বেশ খানিকটা পিছিয়ে রয়েছে। তার সবচেয়ে জনপ্রিয় গান ‘বিলিওনেরা’র অফিশিয়াল ভিডিওতে ৭২ কোটির বেশি ভিউ থাকলেও অন্য গানগুলোর পরিসংখ্যানে ব্যবধান বেশ বড়। তবুও বিদেশি শিল্পীদের নিয়ে এমন আয়োজন নতুন নয়, তবে একজন শিল্পীকে আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে তার সামগ্রিক জনপ্রিয়তা ও সাম্প্রতিক সংগীতচর্চা বিবেচনা করা উচিত বলে মনে করছেন সংগীতাঙ্গনের সংশ্লিষ্টরা।

























