টলিউডে বিয়ের সানাই! দীর্ঘদিনের জল্পনার মধ্যেই নতুন জীবনের পথে পা রাখতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কলকাতার কসবার নিজের ফ্ল্যাটে বাগদান ও আইনি বিয়ের আয়োজন করার কথা রয়েছে তাঁর।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মিমির সম্ভাব্য জীবনসঙ্গীর নাম সিদ্ধার্থ দত্ত। তিনি বিনোদন জগতের কেউ নন, পেশায় মেরিন ইঞ্জিনিয়ার এবং ভারতীয় নৌবাহিনীর সঙ্গে যুক্ত। দীর্ঘদিন ধরেই তাঁদের সম্পর্ক রয়েছে বলে দাবি বিভিন্ন সূত্রের।
ঘরোয়া এই আয়োজনে দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং টলিউডের ঘনিষ্ঠ কয়েকজন উপস্থিত থাকতে পারেন। তবে মিমি নিজে এখনো বিয়ের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি।
কলকাতায় আইনি আনুষ্ঠানিকতার পর বিয়ের মূল আয়োজন হতে পারে পাহাড়ি শহর কালিম্পংয়ে। সংবাদমাধ্যমের খবর, আগামী ৫ ডিসেম্বর থেকে সেখানে শুরু হবে তিন দিনব্যাপী বিয়ের উৎসব। এরপর ১১ ডিসেম্বর কলকাতায় টলিউডের বন্ধু ও বিশিষ্টজনদের নিয়ে সংবর্ধনার আয়োজনের কথাও জানা গেছে।
মিমির বিয়ের আমন্ত্রণপত্র নিয়েও তৈরি হয়েছে বিশেষ আলোচনা। কার্ডে বর-কনের পাশাপাশি জায়গা পেয়েছে তাঁর তিন আদরের পোষ্য চিকু জুনিয়র, ম্যাক্স ও জাদু।
সম্প্রতি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের স্টোরের বাইরে মিমিকে দেখা যাওয়ার পর বিয়ের পোশাক নিয়েও শুরু হয় নানা জল্পনা।
সব মিলিয়ে মিমির বিয়েকে ঘিরে ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে। তবে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই নীরব থাকা অভিনেত্রী কবে নিজে এই খবর নিশ্চিত করেন, সেটিই এখন দেখার বিষয়।


























