বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের ভেতরটা দেখতে বেশ আগ্রহী বিশ্বনন্দিত রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা। ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী জানিয়েছেন, সংসদ ভবনটি বাইরে থেকে অনেক বড় মনে হচ্ছে এবং এর ভেতরে কী আছে, তা দেখার দারুণ কৌতূহল রয়েছে তাঁর।
বৃহস্পতিবার সংসদ ভবনের সামনে স্ট্রিট ফুডের স্বাদ নিতে এসে গণমাধ্যমের মুখোমুখি হন ওটিলিয়া। এ সময় তিনি সংসদ ভবনের ভেতরটা ঘুরে দেখার প্রবল আগ্রহ প্রকাশ করেন।
সংসদের ভেতরটা দেখতে কেমন, তা জানতে চান কি না—এমন প্রশ্নের জবাবে ওটিলিয়া বলেন, ‘আমি জানি না ভেতরে ঠিক কী আছে। ভবনটি দেখতে খুব বড় মনে হচ্ছে। ভেতরের পরিবেশ কেমন, তা দেখতে আমি সত্যিই খুব কৌতূহলী।’
বাংলাদেশে ঘুরে বেড়ানোর পরিকল্পনা সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি জানান, এবার তিনি দেশের বেশ কিছু সুন্দর জায়গা ঘুরে দেখতে চান। আগেরবার কাজের ব্যস্ততায় সেই সুযোগ হয়ে ওঠেনি। এবার বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে আরও গভীরভাবে জানতে এবং বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার ইচ্ছা রয়েছে তাঁর।
উল্লেখ্য, ‘বিলিওনেরা’ গানের মাধ্যমে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পাওয়া ওটিলিয়া ব্রুমা একটি সংগীতানুষ্ঠানে অংশ নিতে ঢাকায় এসেছেন। বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। ভক্তদের সঙ্গে সামনাসামনি দেখা করার জন্যও অধীর আগ্রহের কথা জানান এই জনপ্রিয় পপতারকা।
শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ওটিলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা’ শীর্ষক জমকালো কনসার্ট। এতে আন্তর্জাতিক সংগীতের পাশাপাশি দেশীয় সুরের চমৎকার আয়োজনও থাকছে। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও তাঁর ব্যান্ড দল।

























