দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘরে অবস্থান করছে। যার ফলে সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত মাঝারি ও ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। গতদিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে ভোরের দিকে কুয়াশায় ঢাকা ছিল পুরো এলাকা। ঘাসে, গাছে আর ফসলের পাতায় জমে থাকে শিশিরবিন্দু। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের উজ্জ্বল আলোয় ঝলমলে হয়ে ওঠে আকাশ। তবে সূর্যের উপস্থিতি থাকলেও বাতাসে রয়েছে শীতের ছোঁয়া।
দিনের বেলায় তাপমাত্রা বেড়ে ২৬ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকলেও ভোর ও রাতের ঠান্ডা হাওয়ায় শীতের অনুভূতি স্পষ্টভাবে টের পাচ্ছেন স্থানীয়রা।
আবহাওয়ার এই তারতম্যের কারণে জেলার আধুনিক সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দিন দিন বাড়ছে রোগীর সংখ্যা। বিশেষ করে শিশু ও বয়স্করা ভুগছে ঠান্ডা জনিত নানান রোগে।
এদিকে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, বর্তমানে তাপমাত্রা উঠানামা করছে ১৫ ডিগ্রির ঘরে। দিন ও রাতের তাপমাত্রা কমানোর কারণে শীত ও গরম দুটোই অনুভূত হচ্ছে। ধীরে ধীরে জেলার তাপমাত্রা আরও কমবে।
























