লক্ষ্মীপুরের রামগঞ্জে সড়কের পাশে পার্কিং করা একটি বাস অগ্নিকাণ্ডে পুড়ে গেছে। এতে পাশের একটি দোকানের সাইনবোর্ড ও সিসিটিভি ক্যামেরাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে রামগঞ্জ বাস স্ট্যান্ডের রেস্ট হাউসের সামনে দাঁড়িয়ে থাকা বাসটিতে এ অগ্নিকাণ্ড ঘটে। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্ত বাসটির মালিক কাজিরখিল চৌকিদার বাড়ির আমজাদ হোসেন। রাতে চালক মমিন হোসেন বাসটি ঘটনাস্থলে পার্ক করে চলে যান। তবে বাসের হেলপার হেলাল প্রতিদিনের মতো ভেতরেই ঘুমিয়ে ছিলেন। ভোরে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়তে মসজিদে যান তিনি। নামাজ শেষে ফিরে এসে বাসে আগুন জ্বলতে দেখেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাস মালিক আমজাদ হোসেন জানান, অগ্নিকাণ্ডে তার বাসটি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে পাশের রাজু অটোর সামনের সাইনবোর্ড ও সিসিটিভি ক্যামেরাও পুড়ে গেছে।
দোকান মালিক ইউছুফ আলী বাবু জানান, ওই স্থানে বাস রাখতে নিষেধ করা হলেও চালক তা মানেননি। অগ্নিকাণ্ডে তাদের প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
রামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা রেজাউল করীম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও এর আগেই বাসটি পুড়ে যায়। বাসের একটি সিটের ওপর কয়েল পাওয়া যাওয়ায় প্রাথমিকভাবে সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষেই আগুনের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

























