চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাই ও তার স্ত্রীর ধাক্কায় শাহাজাহান পাটোয়ারী (৬০) নামের এক দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যার দিকে বাগাদী চৌরাস্তা সংলগ্ন পাটোয়ারী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহাজাহান পাটোয়ারী স্থানীয় মৃত বজল গনি পাটোয়ারীর ছেলে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছোট ভাই শাহ আলম পাটোয়ারী ও তার স্ত্রী হাসিনা বেগম (৪০) আত্মগোপনে রয়েছেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, অতীতে শাহাজাহান পাটোয়ারী নিজের উদ্যোগে ছোট ভাই শাহ আলমকে বিদেশে পাঠিয়েছিলেন। তবে প্রবাস থেকে ফিরে আসার পর পৈতৃক সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। সোমবার সন্ধ্যায় বসতঘরের সামনে এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা বাধে। একপর্যায়ে শাহ আলম ও তার স্ত্রী মিলে শাহাজাহান পাটোয়ারীকে মারধর ও সজোরে ধাক্কা দেন। এতে তিনি ঘরের বাইরে বাঁশের কঞ্চির ওপর আছড়ে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

























