নিজ দেশের মাটিতে বিশ্বসুন্দরীর মুকুট জিতে ইতিহাস গড়েছেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো। মিস ইউনিভার্সের ৭৫তম আসরে ২৭ বছর বয়সী এই সুন্দরীর মাথায় উঠেছে ২০২৬ সালের সেরার মুকুট। তবে সৌন্দর্যের মঞ্চে জয়ী হওয়ার পাশাপাশি নারীদের উদ্দেশে দেওয়া তার বক্তব্যও ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
বিশ্বজুড়ে নারীদের নিজের ওপর আস্থা রাখার এবং নিজেদের স্বকীয়তা বজায় রেখে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন জেনিফার। তার মতে, নারীদের কোনো নির্দিষ্ট ছাঁচে নিজেদের আটকে রাখার মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। বরং নিজের সব ইতিবাচক দিককে গ্রহণ করে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে হবে।
পুয়ের্তো রিকোর ‘কলিসিও দে পুয়ের্তো রিকো হোসে মিগুয়েল আগ্রেলট’ ভেন্যুতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এবারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেনিফারের এই জয়ের সুবাদে দীর্ঘ দুই দশক পর ষষ্ঠবারের মতো মিস ইউনিভার্সের মুকুট ঘরে তুলল পুয়ের্তো রিকো। এর আগে বিভিন্ন সময়ে দেশটির হয়ে এই খেতাব অর্জন করেছিলেন বেশ কয়েকজন সুন্দরী।
প্রতিযোগিতার শুরুর দিকে সাময়িকী ‘ওলা’কে দেওয়া এক সাক্ষাৎকারে জেনিফার স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, তিনি কেবল স্বাগতিক দেশের প্রতিনিধি হিসেবে নয়, বরং এই মঞ্চের জন্য নিজের কঠোর পরিশ্রমের সঠিক মূল্যায়ন চান। পুরো প্রতিযোগিতায় নিজ দেশের মানুষের পাশাপাশি আন্তর্জাতিক দর্শকদের কাছ থেকে পাওয়া সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সৌন্দর্য প্রতিযোগিতার মূলমঞ্চে পা রাখার আগে জেনিফার কখনো কোনো ধরনের প্রতিযোগিতায় অংশ নেননি। মনোবিজ্ঞান ও সমাজকর্মে পড়াশোনা করার পাশাপাশি তিনি নানা ধরনের সামাজিক ও প্রতিরোধমূলক কাজে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
২০২১ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট কাভাজোসে মার্কিন সেনাবাহিনীর ‘ফ্যামিলি অ্যাডভোকেসি প্রোগ্রামে’ শিক্ষাবিদ ও সংকট মোকাবিলা কর্মী হিসেবে কর্মজীবন শুরু করেন জেনিফার। সেখানে তিনি পারিবারিক সহিংসতা এবং শিশু নির্যাতনের শিকার ব্যক্তিদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তী সময়ে তিনি প্রতিরোধ বিশেষজ্ঞ হিসেবেও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
মিস ইউনিভার্সের প্রশ্নোত্তর পর্বে কৃত্রিম বুদ্ধিমত্তা ও নেতৃত্ব বিষয়ক বিভিন্ন প্রশ্নের জবাবে নিজের সুচিন্তিত মতামত তুলে ধরেন জেনিফার। তার মতে, প্রযুক্তির সঠিক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কৃত্রিম বুদ্ধিমত্তা যেন কোনোভাবেই মানুষের নিজস্ব মানবিক মূল্যবোধের জায়গা দখল করতে না পারে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।
নেতৃত্বের গুণাবলি প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, প্রকৃত নেতাদের সবসময় নিজেদের কাজের মাধ্যমে অনুকরণীয় উদাহরণ সৃষ্টি করতে হবে এবং সাধারণ মানুষের কথা অত্যন্ত মনোযোগের সঙ্গে শুনতে হবে। মানুষের প্রকৃত চাহিদা অনুধাবন করে কাজ করলেই কেবল একটি শক্তিশালী সমাজ গঠন করা সম্ভব।


























