নানা বাস্তব কারণে বিশ্বজুড়ে প্রতিনিয়ত বিপজ্জনক হারে বাড়ছে বায়ু দূষণের মাত্রা। যার মারাত্মক নেতিবাচক প্রভাব থেকে বাংলাদেশও মুক্ত নয়।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সূচকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় আজ রাজধানী ঢাকার অবস্থান দ্বিতীয়। এ সময় শহরটির বায়ুমানের স্কোর রেকর্ড করা হয়েছে ২৩৯।
আজকের বায়ুদূষণের এই তালিকার একেবারে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। এই শহরের বায়ুমান সূচক বা একিউআই ছিল ৩৬২, যা পরিবেশ বিশেষজ্ঞদের মতে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। এছাড়া ২২৬ স্কোর নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা শহর।
একিউআইয়ের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী, বায়ুমানের স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ‘অনেক ভালো’ বলে গণ্য করা হয়। স্কোর ৫১ থেকে ১০০ হলে বায়ুর মান ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয়। আর ১০১ থেকে ১৫০ পর্যন্ত স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়। এছাড়া স্কোর কোনো কারণে ৩০১ ছাড়িয়ে গেলে তা চরম ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।



















