হংকংয়ের মংকক গ্রাউন্ডে অস্ট্রেলিয়াকে হারিয়ে যখন প্রথমবার শিরোপা জয়ের উৎসবে মাতল আফগানিস্তান, তখন বাংলাদেশের জন্য টুর্নামেন্টটি রূপ নিল চরম হতাশায়। হংকং সিক্সেসের এবারের আসরে চার ম্যাচ খেলে একটিতেও জয়ের দেখা পায়নি লাল-সবুজের দল। চার ম্যাচের সবকটিতেই হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।
টুর্নামেন্টে বাংলাদেশের রান তোলার গতিতে অবশ্য কোনো ঘাটতি ছিল না। চার ম্যাচে দলটি মোট ৪৬৬ রান সংগ্রহ করেছে, যেখানে ম্যাচপ্রতি গড় রান ছিল ১১৬ দশমিক ৫। ছয়জনের এই দ্রুতগতির ক্রিকেটে ব্যাটাররা প্রত্যাশামতো রান তুলতে পারলেও বোলাররা তা ধরে রাখতে পুরোপুরি ব্যর্থ হন। আবু হায়দার রনির নেতৃত্বে গ্রুপ পর্বে স্কটল্যান্ড ও শ্রীলঙ্কার কাছে হারে বাংলাদেশ। পরে বোল রাউন্ডের সেমিফাইনাল এবং সর্বশেষ ১১তম স্থান নির্ধারণী প্লে-অফে ভারতের কাছে হেরে জয়হীন থেকেই আসর শেষ করেন সাব্বির রহমান ও হাবিবুর রহমান সোহানরা।
বাংলাদেশের আক্ষেপের মূল জায়গা ছিল হারের ধরন। প্রতিটি ম্যাচেই আগে ব্যাটিং করা বাংলাদেশ স্কটল্যান্ড, শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে হেরেছে একেবারে শেষ বলে গিয়ে। চাপের মুখে স্নায়ু নিয়ন্ত্রণ করতে না পারায় শেষ মুহূর্তের সমীকরণে ম্যাচ হাতছাড়া হয়েছে।
অন্যদিকে ফাইনালে দুর্দান্ত পারফর্ম করে ইতিহাস গড়েছে আফগানিস্তান। টস হেরে আগে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া ৬ ওভারে ১১৫ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে ম্যাক্স ব্রায়ান্ট ১৪ বলে ৪৪ রান করেন। জবাবে রান তাড়ায় নেমে রীতিমতো ঝড় তোলেন আফগান ব্যাটার ইমরান মীর। মাত্র ১৪ বলে ৭টি ছক্কা ও ২টি চারে অপরাজিত ৫৩ রান করে ৫ বল বাকি থাকতেই দলকে এনে দেন ঐতিহাসিক শিরোপা।


























