পাকিস্তানের সিন্ধু প্রদেশের রাজধানী করাচির বালোচ কলোনির অ্যাডমিন সোসাইটি এলাকায় একটি নির্মাণাধীন ৬ তলা ভবন ধসে ৬ জন নিহত হয়েছেন এবং এখনও নিখোঁজ রয়েছেন কমপক্ষে ১৩ জন। এ ঘটনায় ১৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) এ দুর্ঘটনা ঘটে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে অভিযান শুরু হয়েছে, তবে ভারী যন্ত্রপাতি ব্যবহার করলে ভবনের অবশিষ্ট কাঠামো ধসে পড়ার আশঙ্কায় উদ্ধারকারীরা হাতে তল্লাশি চালানোর ওপর জোর দিচ্ছেন।
ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ‘রেসকিউ ১১২২’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ধ্বংসস্তূপের ভেতর ছোট ছোট ফাঁক তৈরি করে আটকা পড়া ব্যক্তিদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। আহতদের মধ্যে ১৩ জনকে চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং একজন এখনো চিকিৎসাধীন রয়েছেন।
ভবন ধসের ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করেছে। মামলায় হত্যা, অবহেলা ও অসাবধানতাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে এবং ১০ জনকে অভিযুক্ত করে ইতিমধ্যে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাকিস্তানে ভবন ধসের ঘটনা প্রায়ই ঘটে, যার প্রধান কারণ হিসেবে অপর্যাপ্ত নিরাপত্তা মান এবং নির্মাণকাজে নিম্নমানের উপকরণের ব্যবহারকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।
























