দেশের কৃষি উৎপাদন সচল রাখতে এবং কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি তেল সরবরাহ করছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশে পড়লেও সাধারণ মানুষ ও কৃষকরা যাতে ভোগান্তিতে না পড়েন, সে বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিক। শনিবার যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে নবনির্মিত মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। একই সফরে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক উলাশী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করবেন। প্রতিমন্ত্রীর মতে, প্রধানমন্ত্রীর এই আগমনের মধ্য দিয়ে গত ১৭ বছর ধরে থমকে থাকা যশোরের উন্নয়নের চাকা পুনরায় সচল হবে। এটি যশোরবাসীর জন্য একটি বড় সুসংবাদ।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী যশোর বিমানবন্দর থেকে সরাসরি শার্শার উলাশীতে গিয়ে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। পরবর্তীতে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতে সূচিত ৫০০ শয্যাবিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্বোধন শেষে এক জনসভায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যে স্থানীয় প্রশাসন ও স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 
























