বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং অসাধু সিন্ডিকেটের কারসাজি নিয়ন্ত্রণে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বর্তমান সরকারের মেয়াদের মধ্যেই বাজার থেকে সিন্ডিকেটের প্রভাব চিরতরে মুছে ফেলার লক্ষ্য নিয়ে কাজ চলছে। শনিবার দুপুরে সিলেটে একটি কৃষকের হাট উদ্বোধনকালে তিনি এসব কথা জানান।
বাণিজ্যমন্ত্রী উল্লেখ করেন, স্বল্পমূল্যে খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে টিসিবির কার্যক্রম আরও শক্তিশালী করা হবে। বর্তমানে সরকার বছরে প্রায় ৩ হাজার ৩০০ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। পর্যায়ক্রমে ভর্তুকি কমিয়ে টিসিবির মাধ্যমে সরাসরি বাজার হস্তক্ষেপে জোর দেওয়া হবে। দেশের পুরো সরবরাহ ব্যবস্থাকে আধুনিক প্রযুক্তির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে যাতে বাজারে ভারসাম্য বজায় থাকে।
সিলেটের কৃষি খাতের উন্নয়নে সেচ ও পানি নিষ্কাশন ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট সফরে এসে বাসিয়া খাল পুনর্খনন কাজের উদ্বোধন করবেন। এর ফলে জলাবদ্ধতা দূর হবে এবং শুষ্ক মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত হবে, যা অতিরিক্ত ফসল উৎপাদনে সহায়ক হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই পাইলট প্রকল্প সফল হলে তা সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।
রিপোর্টারের নাম 



















