এসএসসি ও সমমান পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ রাখার বিষয়ে কোনো ধরনের অজুহাত গ্রহণ করা হবে না। বিশেষ করে লোডশেডিং বা যান্ত্রিক ত্রুটির কথা বলে ক্যামেরা বন্ধ রাখা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহীতে এক মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, পরীক্ষার গোপনীয়তা ও পবিত্রতা রক্ষায় কোনো ধরনের ‘ঘাপলা’ সহ্য করা হবে না। প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর আইন প্রণয়নের কাজ চলছে বলেও তিনি জানান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ‘পোষ্য কোটা’ বাতিলের পক্ষে নিজের অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, মেধার ভিত্তিতেই শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে। সরকারি কর্মকর্তাদের সন্তানদের সরকারি স্কুলেই পড়ানোর গুরুত্বারোপ করে তিনি বলেন, এতে শিক্ষার মানোন্নয়নে কর্মকর্তাদের দায়বদ্ধতা বৃদ্ধি পাবে।
রিপোর্টারের নাম 



















