জাতীয় সংসদে জুলাই স্মৃতি জাদুঘর বিল পাসের ক্ষেত্রে সরকারি দলের বিরুদ্ধে রাজনৈতিক সমঝোতা ভঙ্গের গুরুতর অভিযোগ তুলেছে বিরোধী দল। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দাবি করেছেন, গুরুত্বপূর্ণ এই বিলটি পাসের ক্ষেত্রে সরকার ছলচাতুরির আশ্রয় নিয়েছে। শুক্রবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বিলটি পাস হওয়ার পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।
নাহিদ ইসলাম জানান, অন্তর্বর্তীকালীন সরকারের আমলের ৯৮টি অধ্যাদেশ হুবহু পাসের বিষয়ে সরকারি ও বিরোধী দলের মধ্যে একটি সুনির্দিষ্ট ঐকমত্য হয়েছিল। বিশেষ কমিটির মাধ্যমে এই সমঝোতা হলেও বিলটি উত্থাপনের মাত্র আধা ঘণ্টা আগে সরকার একতরফাভাবে সংশোধনী প্রস্তাব আনে। তিনি এটিকে সংসদীয় শিষ্টাচার বহির্ভূত এবং ‘রাজনৈতিক জোচ্চুরি’ হিসেবে অভিহিত করে বলেন, বিরোধী দলের মতামতকে তোয়াক্কা না করে সরকার তাদের সংখ্যাগরিষ্ঠতার জোরে এই কাজ করেছে।
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষায় গঠিত এই বিশেষায়িত জাদুঘর নিয়ে নাহিদ ইসলাম আরও বলেন, এটি কোনো দলীয় সম্পদ নয়, বরং গত ১৬ বছরের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক। কিন্তু সরকারি দল যেভাবে তড়িঘড়ি করে বিলটি পাস করেছে, তাতে জাদুঘরটিকে দলীয়করণের আশঙ্কা তৈরি হয়েছে। সব পক্ষের মতামত নিয়ে প্রতিষ্ঠিত এই উদ্যোগকে কলঙ্কিত না করার আহ্বান জানিয়ে তিনি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান।
রিপোর্টারের নাম 























