আসন্ন পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিদ্ধান্ত অনুযায়ী, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল প্রকাশ্য অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে আবশ্যিকভাবে শেষ করতে হবে। বিকেল ৫টার পর উৎসবস্থলে নতুন করে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। পহেলা বৈশাখকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সভায় জানানো হয়, মঙ্গল শোভাযাত্রায় মুখে কোনো মাস্ক পরা যাবে না এবং মিছিল শুরুর পর মাঝপথে কেউ অংশ নিতে পারবে না। নিরাপত্তার স্বার্থে আতশবাজি, ফানুস ও ভুভুজেলা বাঁশি বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া উৎসবের দিন জননিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে টিএসসি মেট্রোরেল স্টেশন বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে। ইভটিজিং ও ছিনতাই রোধে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারির পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে।
রিপোর্টারের নাম 





















