ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেছেন, আসন্ন পহেলা বৈশাখে সম্ভাব্য বাড়তি জনসমাগমের কথা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। গোয়েন্দা সংস্থা এবং সকল নিরাপত্তা বাহিনীর সাথে সমন্বয় করে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে তিনি জানান।
বাংলা নববর্ষ ১৪৩৩ ও পহেলা বৈশাখ উদ্যাপন উপলক্ষে ঢাকা মহানগর এলাকায় অনুষ্ঠিতব্য বিভিন্ন অনুষ্ঠানের নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণ সংক্রান্ত সমন্বয় সভায় তিনি এ কথা বলেন। বুধবার (৮ এপ্রিল) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। প্রতি বছরের ন্যায় এবারও ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা ধরনের অনুষ্ঠান পালিত হবে। আশা করা যাচ্ছে, বিগত বছরগুলোর চেয়ে এবার অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি অনেক বেশি হবে। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর জনগণের আস্থা প্রতিফলিত হবে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে। তিনি আরও বলেন, নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি একটি সুপরিকল্পিত ট্রাফিক ব্যবস্থা বাস্তবায়নে কাজ করা হচ্ছে, যাতে সাধারণ মানুষের কোনো ভোগান্তি না হয়। জনগণের জান-মালের নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন চলাচল নিশ্চিত করাই মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
সমন্বয় সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিট, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ডিপিডিসি, ওয়াসা, গণপূর্ত, বাংলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাবির চারুকলা অনুষদ, টিএসসির সম্মিলিত সাংস্কৃতিক জোট, জাসাস, ছায়ানট, ঋষিজ শিল্পগোষ্ঠী, শাক্যমুনি বৌদ্ধ বিহার এবং সরকারি-বেসরকারি বিভিন্ন সেবাদানকারী সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) মোহাম্মদ শহীদুল্লাহ, পিপিএম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। এরপর সভায় উপস্থিত বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন এবং তাদের মূল্যবান মতামত তুলে ধরেন। সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) এসএন মো. নজরুল ইসলাম, বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা (এসবি), ঢাকা ডিআইজি (ইন্টারনাল অ্যাফেয়া) প্রমুখ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 























