গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় গভীর রাতে ডাকাতির সময় আসমা আক্তার নামে এক নারীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের পুত্রবধূ আরিফা আক্তার গুরুতর আহত হয়েছেন। ডাকাতদল ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। বুধবার রাতে এই ঘটনা ঘটে।
নিহত আসমা আক্তার মধ্যপাড়া এলাকার আনিস উদ্দিনের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসমা আক্তারের স্বামী ও ছেলে স্থানীয় দুটি প্রতিষ্ঠানে নৈশপ্রহরী হিসেবে চাকরি করেন। মঙ্গলবার রাতে তারা তাদের কর্মস্থলে যান। রাতের কোনো এক সময় একদল ডাকাত তাদের বাড়িতে প্রবেশ করে। তারা ঘরের আলমারি ভেঙে প্রায় ৩ লক্ষ টাকা এবং দেড় ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
ডাকাতির সময় আসমা আক্তার ও তার পুত্রবধূ আরিফা আক্তার চিৎকার শুরু করলে ডাকাতরা আসমাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। আরিফাকে ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করলে তিনি অচেতন হয়ে পড়েন। সকালে ডিউটি শেষে বাড়ি ফিরে আসমা আক্তারের ছেলে সাকিব তার মায়ের লাশ এবং অচেতন অবস্থায় স্ত্রীকে মেঝেতে পড়ে থাকতে দেখে। এরপর তিনি স্থানীয়দের খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং আহত আরিফাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানিয়েছেন, ডাকাতি ও খুনের ঘটনা তদন্ত করা হচ্ছে। আহত আরিফাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। গাজীপুর জেলা পুলিশ সুপার শরিফ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রিপোর্টারের নাম 
























