ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হরিণবের থেকে ফান্দাউক পর্যন্ত সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সাড়ে ৮ কোটি টাকা বাজেটের এই প্রকল্পের মাত্র ৪০ শতাংশ কাজ শেষ করেই প্রায় ৯০ শতাংশ বিল তুলে নিয়ে লাপাত্তা হয়ে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তিন বছর পার হলেও কাজ শেষ না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন তিনটি ইউনিয়নের কয়েক লাখ মানুষ।
জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে সড়কটির নির্মাণ কাজ শেষ করার কথা ছিল। কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান মাত্র ৩ কোটি ৮০ লাখ টাকার কাজ করে ৭ কোটি ২১ লাখ টাকা বিল তুলে নিয়েছে। অর্থাৎ কাজের তুলনায় প্রায় ৩ কোটি ৪১ লাখ টাকা অতিরিক্ত বিল উত্তোলন করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সাবেক উপজেলা প্রকৌশলী ও জেলা এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে এই বিশাল অংকের অর্থ আত্মসাৎ করা হয়েছে।
সড়কটির বেহাল দশার কারণে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা জানান, আওয়ামী লীগের আমলে প্রভাবশালী হওয়ার সুবাদে ঠিকাদার নিয়ম-নীতির তোয়াক্কা না করেই বিল তুলে নিয়েছেন। এ বিষয়ে বর্তমান উপজেলা প্রকৌশলী জানান, তিনি নতুন দায়িত্বে আসায় আগের ফাইলপত্র খতিয়ে দেখছেন। জেলা নির্বাহী প্রকৌশলী দ্রুত কাজ শেষ করার আশ্বাস দিলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। ফলে জনদুর্ভোগ দিন দিন আরও বাড়ছে।
রিপোর্টারের নাম 
























