যশোরের চৌগাছা উপজেলায় শত্রুতার জেরে এক কৃষকের প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের পটল ক্ষেত কেটে ফেলার অভিযোগ উঠেছে। উপজেলার বড়খানপুর গ্রামের দুঃখু মিয়া নামের এক কৃষক এই অভিযোগ করেছেন।
জানা গেছে, দুঃখু মিয়া উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কৈবিলার মাঠে প্রায় ১ বিঘা জমিতে পটল চাষ করেছিলেন। তিনি বর্গা জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেন। চলতি মৌসুমে তার ক্ষেতে ভালো ফলন হওয়ায় প্রতিদিন প্রায় ৬ থেকে ৭ মণ পটল বিক্রি হচ্ছিল। কিন্তু গত সোমবার রাতে কিছু দুষ্কৃতিকারী তার ফলন্ত পটল ক্ষেতে প্রবেশ করে ধারালো দা ও কাঁচি দিয়ে সব গাছ কেটে সাবাড় করে দেয়। পরদিন ভোরে তিনি ক্ষেতে গিয়ে এই ধ্বংসযজ্ঞ দেখতে পান।
দুঃখু মিয়া অভিযোগ করেছেন যে, স্থানীয় কয়েকজনের সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ চলছিল এবং তারা তাকে বিভিন্ন সময়ে হুমকিও দিয়ে আসছিল। এই ঘটনার জন্য তিনি বড়খানপুর গ্রামের মইনুল হোসেনের ছেলে নাজমুল হোসেন (২৩) এবং মৃত আবুল কাশেমের ছেলে কামাল হোসেনকে দায়ী করেছেন। এ বিষয়ে তিনি চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ক্ষতিগ্রস্ত কৃষক দুঃখু মিয়া বলেন, “আমার ফলন্ত পটল গাছ কেটে দেওয়ায় প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি এখন সর্বস্বান্ত।”
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মুশব্বির হোসেন বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা অভিযোগ পেয়েছি এবং তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
চৌগাছা থানার ডিউটি কর্মকর্তা এসআই শারমিন জানান, “অভিযোগ পাওয়ার পর আমরা তদন্ত শুরু করেছি। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
রিপোর্টারের নাম 
























