কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, হাওরাঞ্চলের ধান কাটার সময়ে হার্ভেস্টারের জন্য প্রয়োজনীয় তেলের কোনো সংকট হবে না এবং তেলের সরবরাহ স্বাভাবিক রাখা হবে। হাওরাঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে নিবিড়ভাবে কাজ করার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
রোববার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হাওরাঞ্চলের বোরো ধানের আবাদ, উৎপাদন ও কর্তনের সার্বিক পরিস্থিতি বিষয়ে এক পর্যালোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। তিনি হাওরাঞ্চলকে দেশের ফসল, বিশেষ করে ধানের ভান্ডার হিসেবে উল্লেখ করে বলেন, হাওরাঞ্চলের ধান যেন কোনোভাবেই নষ্ট না হয়। ধান কাটা নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিসহ সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সময়মতো ধান কাটার নির্দেশনা দিতে গিয়ে কৃষিমন্ত্রী বলেন, ধান কাটার কম্বাইন্ড হার্ভেস্টার যেন যথাসময়ে পর্যাপ্ত পরিমাণে থাকে এবং অচল যন্ত্রগুলো দ্রুত সচল করার ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে পার্শ্ববর্তী অঞ্চল থেকে ভাড়ায় হার্ভেস্টার এনে সময়মতো ধান কাটা সম্পন্ন করার উপর জোর দেন তিনি। মন্ত্রী আরও বলেন, হাওরাঞ্চলের আবহাওয়ার পরিস্থিতির উপর সতর্ক নজর রাখতে হবে এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আগাম প্রস্তুতি রাখতে হবে। হার্ভেস্টারের পাশাপাশি কৃষি শ্রমিকের মাধ্যমে ধান কাটার ব্যবস্থা রাখার জন্যও তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
কৃষি সচিব রফিকুল ই মোহামেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় হাওরাঞ্চলের জেলাসমূহের মাঠ প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তাগণ যুক্ত ছিলেন।
রিপোর্টারের নাম 

























